এবার যুদ্ধ ডেটা উপনিবেশের বিরুদ্ধে
বিশ্বজুড়ে তৈরি হচ্ছে ডেটা উপনিবেশ-এমন মন্তব্য করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী বাজেটে দেশীয় সফটওয়্যার ব্যাবহারে কর্পোরেট কর কমানো হবে। একইসঙ্গে বিদেশী সফটওয়্যার ব্যবহারকারীদের ওপর কর বাড়ানো হবে।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ‘দেশীয় কোর ব্যাংকিং সফটওয়্যার শিল্পের উন্নয়নে করণীয়’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, সরকার চাইলে বিদেশী কোম্পানি এ দেশে আধিপত্য বিস্তার করতে পারবে না।
জুনাইদ আহমেদ পলক বলেন, পরিচয় গেটওয়ের মাধ্যমে আগামীতে ব্যাংক হিসাব খোলা ও হিসাবকারীর সহজ লেনদেন ও ডেটার সুরক্ষায় আইন তৈরির উদ্যোগ নিচ্ছি।
বৈঠকে দোহাটেক, টাইগার আইটি ও ডেটা সফটের উদাহরণ টেনে পলক বলেন, সফটওয়্যার খাতে আমাদের স্থানীয় অভিজ্ঞতায় বৈশ্বিক ব্যবসায় সম্প্রসারণ হচ্ছে।
গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন কালেরকণ্ঠ সম্পাদক ও লেখক ইমদাদুল হক মিলন।
ফ্লোরা সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফ্লোরা লিমিটেডের মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক বেঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বৈঠকে সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার, সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান, বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ কায়কোবাদ, অগ্রণী ব্যাংক পরিচালক কেএমএন মঞ্জুরুল হক লাবলু, ইনফিনিটি টেকনলোজির ব্যবস্থাপনা পরিচালক কেএম রহমতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।